ওঙ্কার ডেস্ক: গোয়া নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই নাইটক্লাবের মালিক গৌরব এবং সৌরভ লুথরা ভাতৃদ্বয় ভারত ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান। থাইল্যান্ডের ফুকেটের এক হোটেল থেকে খাবারের জন্য বাইরে বেরোনোর পর সে দেশের পুলিশের হাতে পাকড়াও হন দুই অভিযুক্ত। বর্তমানে তাঁদেরকে ভারতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ভারত ছেড়ে দুই ভাই যে থাইল্যান্ডে চলে গিয়েছে তা জানার পর ভারতীয় সংস্থাগুলি থাই কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। হোটেলের উপর নজরদারি শুরু করে সে দেশের পুলিশ। লুথরা ভাইয়েরা হোটেল থেকে বাইরে বেরোলে থাই ইমিগ্রেশন এবং পুলিশ আধিকারিকরা তাদের পরিচয় যাচাই করে। দুই ভাইকে জিজ্ঞাসাবাদও করা হয়। পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর দুই ভাইকে তাদের হোটেলের ঘর থেকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ভারত থেকে আনুষ্ঠানিক ভাবে নথি পাওয়ার পর ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মধ্যরাতে উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি নাইটক্লাবে নাচের আসর চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ২৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই কর্মী। কয়েক জন পর্যটকেরও সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থাইল্যান্ডে গৌরব লুথরা (৪৪) এবং তার ভাই সৌরভ (৪০) কে আটক করা হয়। যদিও দিল্লির একটি আদালত তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। শুক্রবার থাই আধিকারিকরা ধৃতদের ব্যাংককে নিয়ে যায়। সেখানে সুয়ান ফ্লু ইমিগ্রেশন ডিটেকশন সেন্টারে রাখা হয় দুই অভিযুক্তকে। ভারতে ফেরানোর আগে পর্যন্ত তাঁরা ওই ইমিগ্রেশন সেন্টারে থাকবেন। ভারত থেকে তদন্তকারীরা শীঘ্রই অভিযুক্তদের হেফাজতে নেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে লুথরা ভাইদের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
