উত্তরপ্রদেশের লখিমপুর খেরীতে স্কুলের মধ্যেই নৃশংস হত্যাকাণ্ড। ছাত্রছাত্রীদের চোখের সামনে এক শিক্ষিকাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। খুনের পর নিজের মাথাতেও গুলি চালিয়ে আত্মঘাতী হলেন অভিযুক্ত যুবক। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত শিক্ষিকার নাম নিশাত ফতিমা (২৬)। অভিযুক্ত মহম্মদ সউদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই স্কুলে ঢুকে পড়েন সউদ। নিশাত তখন ক্লাস নিচ্ছিলেন। তাঁকে ক্লাস থেকে বাইরে ডেকে আনেন সউদ। এরপরই শুরু হয় বচসা। অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই নিশাতের হাত ধরে টেনে তিনতলায় নিয়ে যান সউদ। সেই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন শিক্ষিকা। কিন্তু শেষরক্ষা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনতলায় তুলে নিশাতের মাথায় খুব কাছ থেকে গুলি করেন সউদ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নিশাত। এরপর স্কুলের মধ্যেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন সউদ। চার রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। কান্নাকাটি শুরু করে দেয় পড়ুয়ারা। খবর পেয়ে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বছরখানেক আগে ওই স্কুলে শিক্ষকতা শুরু করেন নিশাত। সউদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়, আর তার জেরেই এই চরম পরিণতি বলে অনুমান পুলিশের।