ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় তৈরি করে একের পর এক নাবালিকাকে যৌন ফাঁদে ফেলেছিল সে। কখনও প্রেমের অভিনয়, কখনও আবার ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে আদায় করত আপত্তিকর ছবি ও ভিডিয়ো। এভাবেই অন্তত ৭০ জন নাবালিকার জীবন বিপর্যস্ত করার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে। অবশেষে সেই অপরাধের সাজা ঘোষণা করল ব্রিটেনের আদালত। দোষ স্বীকারের পর অভিযুক্তকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, অভিযুক্তের নাম বিলাল কাজি। বয়স ২৭ বছর। একসময় তিনি ব্রিটেনের ইউনিভার্সিটি অফ চেস্টারে পড়াশোনা করতেন। শুক্রবার তাঁর বিরুদ্ধে ৩৭টি অপরাধের অভিযোগে সাজা ঘোষণা করা হয়। শিশুদের আপত্তিকর ছবি তৈরি, ব্ল্যাকমেল এবং নাবালিকাদের যৌন কার্যকলাপে প্ররোচিত করার মতো গুরুতর অভিযোগে তিনি দোষ স্বীকার করেছেন। ব্রিটিশ তদন্তকারীরা কাজিকে ‘সিরিয়াল অনলাইন গ্রুমার’ হিসেবে চিহ্নিত করেছেন। ২০২১ সালের অগস্ট থেকে ২০২৫ সালের অগস্ট পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে সক্রিয় ছিল সে। তার নিশানায় ছিল ১০ থেকে ১৭ বছর বয়সি কিশোরীরা। স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং উইঙ্কের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করত অভিযুক্ত। নিজের আসল পরিচয় গোপন রাখতে ১৪ বছরের এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোরের ছদ্মবেশ নিয়েছিল কাজি। ‘রিস’ নামে একটি ভুয়ো প্রোফাইল তৈরি করে অজ্ঞাতপরিচয় এক কিশোরের ছবি ব্যবহার করত সে। এর মাধ্যমে কিশোরীদের বিশ্বাস অর্জন করত। অনেকেই তাকে সমবয়সি ভেবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
বিশ্বাস অর্জনের পর ধীরে ধীরে নিজের আসল উদ্দেশ্য সামনে আনত অভিযুক্ত। প্রথমে সাধারণ ছবি চাইত। পরে ক্রমশ আরও ঘনিষ্ঠ ও আপত্তিকর ছবি এবং ভিডিয়ো পাঠানোর জন্য চাপ দিত। কোনও কিশোরী আপত্তি জানালে তাকে বোঝাত, ভালোবাসার সম্পর্কে এমন ছবি আদানপ্রদান স্বাভাবিক। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই কৌশলেই বহু নাবালিকাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল সে। তবে এখানেই শেষ নয়। একবার ছবি বা ভিডিয়ো হাতে চলে এলে শুরু হত ব্ল্যাকমেল। নতুন করে ছবি পাঠাতে অস্বীকার করলেই আগের ছবি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত কাজি। কয়েকটি ঘটনায় কিশোরীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতদের কাছে সেই ছবি পাঠানোর অভিযোগও উঠেছে। এমনকী অনলাইনে আপত্তিকর ছবি প্রকাশ করেছিল সে। স্ন্যাপচ্যাটের মাধ্যমে গোপনে কিছু ভিডিয়ো রেকর্ড করেও ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করত অভিযুক্ত।