ওঙ্কার ডেস্ক: একই পরিবারের তিন জনের অস্বভাবিক মৃত্যু। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষ খেয়ে তিঞ্জন আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। নিহতরা হলেন, এক দম্পতি ও তাঁদের ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, চরম আর্থিক অনটনের কারণেই পরিবারটিএই চরম পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ঘটনার অনুসন্ধান শুরু করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ৭৩ বছর বয়সী দিলীপভাই খাকখর, তাঁর স্ত্রী ৬৫ বছর বয়সী স্মিতাবেন খাকখর এবং তাঁদের ৩২ বছর বয়সী ছেলে নিশিত খাকখর। সোমবার বিকেলে অজন্তা পার্ক এলাকায় নিজেদের বাড়ি থেকে তিন জনকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তে জানা গিয়েছে, তিন জনই ‘সেলফস’ নামক একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পান করেছিলেন। গুদামজাত শস্যের কীটনাশক হিসেবে মূলত এই রাসায়নিকটি ব্যবহৃত হয়। বাবা মা ও ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিবেশীরা তড়িঘড়ি করে তিন জনকে রাজকোট সিভিল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তা সত্ত্বেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়ে ইউনিভার্সিটি থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। আইনি প্রক্রিয়া শুরু করেন তদন্তকারীরা। মৃতদেহগুলো ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, চরম আর্থিক সংকটের কারণেই পরিবারটি এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারে। ঘটনার আগে পরিবারটি কোনো চাপের মুখে পড়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের বয়ান রেকর্ড করেছেন।