ওঙ্কার ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক মামলাকারী। একাধিক সিদ্ধান্ত একক ভাবে নেওয়ার অভিযোগ উঠেছে জ্ঞানেশের বিরুদ্ধে। সেই সিদ্ধান্তগুলির বৈধতা খতিয়ে দেখে সেগুলি বাতিল করার আবেদন জানানো হয়েছে। শুক্রবার আইনজীবী শৈলেন্দ্র মানি ত্রিপাঠী সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
মামলাকারীর অভিযোগ, অন্য দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সঁধুকে না জানিয়েই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তগুলিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হোক। মামলায় আরও দাবি করা হয়েছে, গত ১০ মাসে ১৪ বার দুই নির্বাচন কমিশনার লিখিত ভাবে আপত্তি জানিয়েছেন। কমিশনের নামে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং জারি করা নির্দেশ নিয়েই তাঁদের আপত্তি ছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, সহকর্মী দুই কমিশনারের মত উপেক্ষা করে জ্ঞানেশ কুমার একক ভাবে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন গাইডলাইন জারি এবং সফ্টওয়্যার সংশোধনের বিষয়ও সেই অভিযোগের মধ্যে রয়েছে।
এসব সিদ্ধান্তের পাশাপাশি পুরনো ফর্ম-৬ ফিরিয়ে আনার আবেদন করা হয়েছে। নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এই ফর্ম ব্যবহার করা হয়। মামলাকারীর অভিযোগ, এসআইআর চলাকালীন ফর্ম-৬-এ নতুন কিছু প্রশ্ন যুক্ত করা হয়েছে। বিরোধীদের দাবি, নিয়ম পরিবর্তন না করে এই ফর্মে কোনও বদল আনা যায় না। কিন্তু কোনও নিয়ম না মেনে জ্ঞানেশ এই পদক্ষেপ করেছেন।