চোখের ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো রেটিনা। এটি চোখে প্রবেশ করা আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়, যার মাধ্যমে আমরা দেখতে পাই। তাই রেটিনায় সমস্যা হলে দৃষ্টিশক্তিতে নানা ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। অনেক সময় শুরুতে উপসর্গ খুব সামান্য থাকে, আবার কিছু ক্ষেত্রে হঠাৎ করেই দৃষ্টিতে গুরুতর পরিবর্তন হতে পারে।
রেটিনার সমস্যার অন্যতম সাধারণ লক্ষণ হলো হঠাৎ বা ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যাওয়া। চোখের সামনে কালো দাগ, ছোট ছোট বিন্দু বা সুতো ভাসতে দেখা—যাকে ‘ফ্লোটার’ বলা হয়—এটিও একটি লক্ষণ হতে পারে। এর সঙ্গে হঠাৎ আলোর ঝলকানি দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। দৃষ্টির কোনো অংশে কালো পর্দা বা ছায়া নেমে আসা, সোজা রেখা বাঁকা দেখায় বা কেন্দ্রীয় দৃষ্টিতে ঝাপসা দেখা—এসবও রেটিনার সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে এসব লক্ষণ হঠাৎ শুরু হলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
রেটিনা সুস্থ রাখবেন কীভাবে?
রেটিনা ভালো রাখার জন্য প্রথমেই নিয়মিত চোখ পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা চোখের কোনো পূর্ববর্তী সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করা উচিত।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। সবুজ শাকসবজি, রঙিন ফল, মাছ, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পর্যাপ্ত জল পান এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাসও সামগ্রিক চোখের স্বাস্থ্যে সহায়তা করে। ধূমপান এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ, কারণ এটি চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি অতিরিক্ত সূর্যালোক থেকে চোখকে সুরক্ষিত রাখতে UV সুরক্ষা-যুক্ত সানগ্লাস ব্যবহার করা যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চোখে হঠাৎ ফ্লোটার বেড়ে যাওয়া, আলোর ঝলকানি, দৃষ্টির কোনো অংশে পর্দার মতো ছায়া পড়া বা হঠাৎ দৃষ্টিশক্তি কমে গেলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কারণ কিছু রেটিনার সমস্যা দ্রুত চিকিৎসা না করলে স্থায়ী দৃষ্টিক্ষতির কারণ হতে পারে।