ওঙ্কার ডেস্ক: ভারতের বৃহত্তম বাজারমূল্যের ব্যাঙ্ক এইচডিএফসি-এর গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে সংস্থার দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ প্রমাণও মিলেছে বলে দাবি। ব্যবসায়িক কৌশল এবং বাজারের উপর প্রভাব ফেলতে পারে, এমন তথ্য বাইরের ব্যক্তিদের কাছে প্রকাশ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
রিপোর্ট অনুসারে, ওই দুই আধিকারিক ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিভাগ ও কাজকর্মের দায়িত্বে রয়েছেন। তাঁদের পরিচয় প্রকাশ্যে আনতে চাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, তথ্য ফাঁসের আশঙ্কা নিয়ে ব্যাঙ্কের কয়েকজন শীর্ষকর্তার উদ্বেগের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। সেই তদন্তেই দুই আধিকারিকের নাম উঠে আসে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। ফাঁস হওয়া তথ্যের কোনও অপব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের মুখপাত্র জানান, প্রতিষ্ঠানের নীতি মেনেই এই পর্যালোচনা চলছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা হচ্ছে। তদন্ত শেষ হলে তার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নৈতিকতা ও সুশাসনের সর্বোচ্চ মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ম লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগকেও গুরুত্ব দিয়ে দেখা হয়।
এই পরিস্থিতিতে এইচডিএফসি ব্যাঙ্কের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অনুপ বাগচী। প্রতিদ্বন্দ্বী আইসিআইসিআই গোষ্ঠীর অভিজ্ঞ এই কর্তা আগামী ২৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। গত কয়েক মাসে ব্যাঙ্কের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এসেছে। মার্চ মাসে তৎকালীন চেয়ারম্যান অতনু চক্রবর্তী আচমকাই পদত্যাগ করেন। নিজের ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে ব্যাঙ্কের কিছু কাজকর্মের অমিলের কথা উল্লেখ করেছিলেন তিনি।