গোপাল শীল, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে হানা দিল স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। সপ্তাহের শুরুতেই আচমকা হাসপাতালে পৌঁছে রান্নাঘরের সার্বিক পরিস্থিতি, রোগীদের খাবারের গুণমান এবং খাদ্যসামগ্রী সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকেরা।
সূত্রের খবর, এদিন আধিকারিকেরা প্রথমে হাসপাতালের রান্নাঘরে যান। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না, রোগীদের জন্য তৈরি খাবারের মান কেমন এবং কী পদ্ধতিতে খাবার সংরক্ষণ করা হচ্ছে তা খুঁটিয়ে দেখেন। হাসপাতালে মজুত থাকা চাল, ডাল, তেল-সহ অন্যান্য খাদ্যসামগ্রী কীভাবে রাখা হয়েছে, তার মেয়াদ ঠিক আছে কি না তাও পরীক্ষা করেন তাঁরা।
শুধু রান্নাঘর পরিদর্শনই নয়, সরাসরি রোগীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকেরা। চিকিৎসাধীন রোগীরা প্রতিদিন নির্ধারিত পরিমাণে খাবার পাচ্ছেন কি না, ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে কি না এবং খাবারের স্বাদ ও মান নিয়ে কোনও অভিযোগ আছে কি না সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এ প্রসঙ্গে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু দাস জানান, সম্প্রতি হাসপাতালের খাবার নিয়ে একটি অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য দপ্তরে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পরিদর্শন। তিনি বলেন, “খাবার সংক্রান্ত একটি অভিযোগ এসেছিল। তার ভিত্তিতেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এসে সব কিছু খতিয়ে দেখেছেন। আমরা সব রকম সহযোগিতা করেছি।”
পরিদর্শনের পর আধিকারিকেরা একটি রিপোর্ট তৈরি করবেন বলে জানা গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর।