কলকাতা: তপশিলি জাতির (এসসি) ভুয়ো শংসাপত্র তৈরি ও ব্যবহারের অভিযোগে পুলিশ এফআইআর করতে পারবে এবং তদন্ত চালাতে পারবে। বুধবার এক মামলার শুনানিতে এমনটাই স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, এই ধরনের অভিযোগে পুলিশের কাছে মামলা দায়ের বা তদন্ত চালানোর ক্ষেত্রে আইনে কোনও বাধা নেই।
মামলার সূত্রপাত বনগাঁ থানাকে কেন্দ্র করে। টুম্পা বিশ্বাস ওরফে টুম্পা রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের হয়। সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, এসসি শংসাপত্র যাচাই বা বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের এক্তিয়ারভুক্ত। পুলিশ এই বিষয়ে এফআইআর দায়ের করতে পারে না।
তবে আদালত এই যুক্তি খারিজ করে দেয়। হাই কোর্টের পর্যবেক্ষণ, ভুয়ো শংসাপত্র তৈরি করা এবং তা ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়া একটি গুরুতর ফৌজদারি অপরাধ। আইনের কোথাও বলা নেই যে এই অপরাধে পুলিশ পদক্ষেপ করতে পারবে না। সেই কারণেই বনগাঁ থানার এফআইআর-কে প্রাথমিক ভাবে বেআইনি বলা যায় না। আদালত এফআইআর খারিজের আবেদন নাকচ করে এবং পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।