ওঙ্কার ডেস্ক: হোলির দিন রঙ দেওয়া নিয়ে ঝামেলা, আর তা থেকে শুরু হওয়া সংঘর্ষের ফলে এক যুবকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে রাজধানী শহর দিল্লির উত্তম নগরে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
রিপোর্ট অনুসারে, নিহত যুবকের নাম তরুণ। ২৫ বছর বয়স তাঁর। তরুণের মৃত্যুর পর উত্তম নগরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। তদন্তে জানা গিয়েছে, ১১ বছর বয়সী এক মেয়ে রাস্তায় রঙিন জলভর্তি বেলুন ছুঁড়ে মারে। সেই রঙিন জল ভিন্ন সম্প্রদায়ের এক মহিলার গায়ে পড়ে। আর তা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বচসা তৈরি হয়। তা থেকে সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠীর লোকজন আহত হয়। গুরুতর জখম হন ২৫ বছর বয়সী তরুণ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার প্রতিবাদে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদর উত্তম নগর পূর্ব মেট্রো স্টেশনের নীচে বিক্ষোভ দেখায়। একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। যার ফলে কয়েক ঘন্টা ধরে বন্ধ থাকে যান চলাচল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। আরও তদন্ত চলছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, দিল্লি পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং আরও উত্তেজনা রোধ করতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দ্বারকা জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) কুশল পাল সিং বলেন, এলাকায় শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
