নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু। উত্তেজনা হাসপাতাল চত্বরে। অভিযোগ, মঙ্গলবার বেলা ২ টা নাগাদ নবদ্বীপেরই বাসিন্দা সুমন চক্রবর্তীকে হৃদরোগ সমস্যা জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় । এরপরে তাঁর অবস্থার অবনতি হয় । রোগি পরিবারের অভিযোগ, রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল তাতে ছিল না অক্সিজেন। বারবার অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছিল। অক্সিজেন সিলিন্ডার পাল্টে দেওয়ার জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত নার্সদের অনেকবার পায়ে ধরে অনুরোধ করলেও বদলানো হয়নি সেই অক্সিজেন সিলিন্ডার। এরপরেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ব্যক্তি। এমনটাই অভিযোগ পরিবারের। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃতের এক আত্মীয় জানান, ‘’বারবার ডাক্তারের কাছে অক্সিজেনের কথা বললেও তিনি কর্ণপাত করেননি, তাঁর পাশাপাশি তিনি জানান, হাসাপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে,’’। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ হাসপাতাল চত্বর। পরবর্তীতে ঘটনাস্থলে খবর পেয়ে হাসপাতালে আসে নবদ্বীপ থানার পুলিশ।