মনোজ চক্রবর্তী, হাওড়া: ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। এক এক দিন থাকে এক এক রকমের উদযাপন। আর ভালোবাসার প্রতীক তো গোলাপ অবশ্যই। যারফলে এই সময় স্বাভাবিকভাবেই বেড়ে যায় গোলাপ ফুলের দাম। তবে এইবছর যেন প্রাক ভালোবাসা উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে। যার জেরে বাজারে গিয়ে গোলাপ ছুঁলে কাঁটা লাগছে হাতে। কারণ গোলাপের দাম এখন গগনচুম্বী। সৌজন্যে মাধ্যমিক। ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব সত্য।
সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন স্কুলের গেটে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্বকে ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল, জলের বোতল, পেন ইত্যাদি দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে সকাল থেকেই। অন্যান্য স্কুলের মত হাওড়া গ্রামীণ এলাকার স্কুল গেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ব্যবহৃত হল প্রচুর গোলাপ ফুল। আর এক একটি স্কুলে গড়ে দুশো করে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। এই নিরিখে স্কুল গুলির গেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ব্যবহৃত গোলাপের বাজার এক ধাক্কায় অনেকটা উর্দ্ধমুখী। বলাই বাহুল্য চাহিদা তুঙ্গে থাকায় গোলাপ ফুলের ব্যবসায়ীদের মুখে হাসি । এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন শ্যামপুর দুই ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া।
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় দিন থেকেই তুঙ্গে উঠলো গোলাপের চাহিদা। এর ফলে ফুল ব্যবসায়ীদের মুখে যে চওড়া হাসি ফুটছে তা বলাই যায়।
