ওঙ্কার ডেস্ক: আকর্ষণীয় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে হায়দরাবাদের এক দম্পতির বিরুদ্ধে। এই আবহে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হলেন তাঁরা। সুইজারল্যান্ডে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পর তাঁর মেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তদন্তকারীরা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ৫০ কোটি টাকা সংগ্রহের বিষয়টিও তদন্ত করছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়া দম্পতি হলেন ৫১ বছর বয়সী ব্যবসায়ী পাব্বা চন্দ্রশেখর এবং তাঁর ৪২ বছর বয়সী স্ত্রী স্বপ্না। তাঁদের মেয়ে শ্রেয়ার দাবি, ২২ জুন ওই দম্পতি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু শুরুর দিকে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকলেও ৮ জুলাইয়ের পর থেকে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের লোকজন একাধিকবার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। মোবাইল ফোন বন্ধ বলে জানানো হচ্ছে, নয়তো নেটওয়ার্কের সমস্যা। বাবা-মায়ের কোনও খবর না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন দম্পতির ২৩ বছর বয়সী মেয়ে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই দম্পতির সম্ভাব্য অবস্থান জানার চেষ্টা চালানো হচ্ছে। তাঁদের অভিবাসন সংক্রান্ত তথ্য এবং আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, তাঁরা আদৌ সুইজারল্যান্ডে গিয়েছেন কিনা। পাশাপাশি চন্দ্রশেখর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কয়েক বছর ধরে যে ৬০ জনেরও বেশি মানুষের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।