ওঙ্কার ডেস্ক: ভুয়ো বোমা হামলার হুমকি দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায়। এই হুমকি পাওয়ার পর রাজধানীতে কিছু সময়ের জন্য উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে পরে তদন্তকারীরা জানতে পারেন ফোনটি ছিল ভুয়ো। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকি ফোনটি প্রথমে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এসেছিল।
ঐতিহাসিক এই স্থাপত্যটিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। মুম্বই পুলিশ তৎক্ষণাৎ বিষয়টি দিল্লির পুলিশের কন্ট্রোল রুমকে জানায়। সতর্কবার্তা পাওয়ার পরপরই রাজধানীর উত্তর জেলা পুলিশ তৎপরতা বাড়ায়। ব্যাপক তল্লাশি ও যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন তদন্তকারীরা। ঊর্ধ্বতন এক আধিকারিক জানান, ‘মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যেখানে দিল্লির লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিশের কন্ট্রোল রুম থেকে এই তথ্য দিল্লি পুলিশের কন্ট্রোল রুমকে দেওয়া হয়। এরপর দিল্লির উত্তর জেলা পুলিশ তদন্ত করে জানতে পারে এটি ছিল ভুয়ো কল।’
তবে কে ফোন করেছিল তার নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, এর আগে ৩ জুলাই বেঙ্গালুরু পুলিশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। তাকে দিল্লি পুলিশ আগে আটক করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, ইসরোর সদর দফতরে বোমা হামলার হুমকি পাঠিয়েছিল। ইমেইলের মাধ্যমে সেই হুমকি পাঠানো হয়েছিল। ২ জুলাই হুমকি পাওয়ার পর পুলিশ ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড তল্লাশি অভিযান চালায়, সেই অভিযানে সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি।