নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ৯ই জুলাই বামেদের ডাকা বন্ধে সাড়া দেওয়ায়, চাকরি ছেড়ে দেবার নিদান দিলো সুপারভাইজার, দফতরে বিক্ষোভ অঙ্গনওয়ারি কর্মী সংগঠনের। এক আইসিডিএস সুপারভাইজারের বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ উঠেছে মাল ব্লকে। অভিযুক্ত সুপারভাইজার ঐশ্বর্য মোহন্ত রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। গত ৯ জুলাই আইসিডিএস এর সাধারণ ধর্মঘটে সামিল হওয়া কিছু কর্মীদের জন্য অপমানজনক উক্তি ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে , যারা ধর্মঘটে সামিল হয়েছিল তাদের চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন সেই সুপারভাইজার। সেই অডিও রেকর্ডটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলেন ঐশ্বর্য। সেই থেকেই শুরু বিতর্ক।
অভিযোগ কে কেন্দ্র করে সোমবার মাল সিডিপিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করলো আইসিডিএস কর্মী ও সহায়িকারা। ইন্ডিপেন্ডেন্টস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন অভিযুক্ত সুপারভাইজার ঐশ্বর্য মোহন্তের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এছাড়াও, সুপারভাইজারদের সঙ্গে কর্মীদের বিভিন্ন কাজের সময় পারস্পারিক সম্মান ও সৌজন্য বজায় রাখার নির্দেশ জারির দাবি উঠেছে। প্রতিটি আইসিডিএস সেন্টারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আবেদন করেছেন তারা। তবে অভিযুক্ত সুপারভাইজারের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংগঠনের তরফে ব্লক সম্পাদক নবনীতা মজুমদার বলেন, আমাদের যে ভাবে অপমান করা হয়েছে সেটার সঠিক বিচারের জন্য তদন্ত দরকার। যদিও মালের সিডিপিও সায়ক দাস বলেন, উনাদের অভিযোগ সহ দাবি পত্র পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
