অঞ্জন চট্টোপাধ্যায়
২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইএফএ শিল্ড । তবে ম্যাচটি কোন মাঠে হবে সেটার উল্লেখ নেই সূচীতে। গ্রুপ এ-তে মহমেডান ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের দিন ২৫ সেপ্টেম্বর বলা থাকলেও, এক্ষেত্রে কোনও মাঠের কথা নির্দিষ্ট করে বলা হয়নি। গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি।
গ্রুপ এ-তে প্রথম ম্যাচে ২৩ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে মোকাবিলা করবে মোহনবাগান সুপার জায়ান্ট ও শ্রীনিধি ডেকান। দ্বিতীয় ম্যাচে ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। তবে এই ম্যাচেরও মাঠের উল্লেখ নেই আপাতত সূচিতে। মোহনবাগান মাঠে ২৯ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লড়বে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড।
দুটি গ্রুপ থেকে প্রথম দু’টি স্থানাধিকারী দল সেমিফাইনালে খেলবে। যদিও প্রস্তাবিত সূচিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠের খেলার উল্লেখ করা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচগুলির দিনগুলিতে, কিন্তু মহমেডানের সঙ্গে, মহমেডানের নিজের বা অন্য ম্যাচগুলির জন্য কোনও মাঠে উল্লেখ এখনও করা হয়নি। তবে যেটুকু জানা গেছে, তাতে বাকি ম্যাচগুলি কিশোরভারতী ক্রীড়াঙ্গনে করার চেষ্টা চালাচ্ছে আইএফএ। সচিব অনির্বান দত্ত সেব্যাপারে রাজ্যের ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এটা নিশ্চিত ভাবেই বলা যায়, যুবভারতীতে ভারতীয় দলের সঙ্গে ৩ অক্টোবর ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের সঙ্গে ম্যাচ থাকায়, ওই সময় পর্যন্ত সেখানে অন্য কোনও ম্যাচের জন্য মাঠ পাওয়া সম্ভব নয়।
এই কারণে ২ অক্টোবর শিল্ডের সেমিফাইনালের তারিখ দেওয়া থাকলেও প্রস্তাবিত সূচীতে মাঠের উল্লেখ নেই। আর যেহেতু শিল্ডের ফাইনালে যদি কলকাতা ডার্বি হয়, সেকথা মাথায় রেখে আগেভাগে ফাইনালের তারিখ ঘোষণার পথে হাঁটছে না আইএফএ। কারণ সেক্ষেত্রে ম্যাচ করতে হতে পারে যুবভারতীতে, যেটা ৬ অক্টোবরের পরে করা ছাড়া সুযোগ নেই। এদিকে, ১৯ সেপ্টেম্বর বারাকপুর, বারাসত ও কল্যানীর মাঠে লিগ খেতাব ঘরে তুলতে মোকাবিলায় নামবে ৫ দল।