নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকার একটি ক্যাফেকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন সেখানে অসামাজিক কার্যকলাপ ঘটছে। এখানেই শেষ নয়। ক্যাফেতে আসা গ্রাহকদের বাইকের লম্বা লাইনে অষ্টাগত স্থানীয়রা। রাস্তায় চলাচল করা দায় হয়ে উঠেছে। এ অবস্থায় মঙ্গলবার রাতে ওই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় উত্তেজনা শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়
স্থানীয় সূত্রে অভিযোগ, গত তিন চার মাস ধরে ক্যাফেটির আড়ালে মদ্যপান-সহ নানা অসামাজিক কার্যকলাপ চলছে। পাশাপাশি ক্যাফেতে আসা গ্রাহকদের বাইক রাস্তায় রেখে দেওয়ার ফলে সংকীর্ণ এলাকায় যাতায়াত করার অসুবিধাও তৈরি হয়েছে। যার ফলে অসুস্থদের জন্য অ্যাম্বুলেন্স ডাকতেও বেগ পেতে হচ্ছে। এমতাবস্থায় স্থানীয়দের দাবি, এলাকার সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ক্যাফেটিকে বন্ধ করে দিক প্রশাসন। ইতিমধ্যে এই দাবিকে সামনে রেখে থানায় গণ-স্বাক্ষরিত অভিযোগ পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
সূত্রের খবর, গতকাল রাতে এলাকায় একটি অ্যাম্বুলেন্স আসে। কিন্তু ক্যাফের গ্রাহকদের বাইকের লম্বা লাইনের অ্যাম্বুলেন্সটি সংকীর্ণ রাস্তায় ঢুকতে পারে না। আর তারপরেই শুরু হয় গণ্ডগোল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের অবস্থায় বুধবার সকালে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ক্যাফের মালিক কর্তৃপক্ষ। তাদের পাল্টা অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা তাদের ব্যবসায় সমস্যা সৃষ্টি করছে। এর আগেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝামেলা করার চেষ্টা হয়েছে বলে জানান তারা। এই পরিস্থিতিতে সব দিক বিচার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।