নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : বাংলাদেশের প্রতিচ্ছবি এবার পশ্চিমবঙ্গে। তাণ্ডব চলল দুর্গা মন্ডপে! ভাঙা হলো গণেশের হাত। অত্যাচার অন্য মূর্তির উপরেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ।
হাতে আর মাত্র কয়েকদিন। তারপরে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মণ্ডপ তৈরি প্রস্তুতি চলছে। একই সঙ্গে চলছে মূর্তি তৈরির কাজও। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই এক ভয়াবহ অরাজকতার ছবি দেখা গেল বালুরঘাটে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে সৃজনী সংঘ ক্লাবের দুর্গা মণ্ডপে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ক্ষতি করা হয় মণ্ডপের ভিতরের নির্মীয়মান মূর্তির। রীতিমতো ভেঙে ফেলা হয় গণেশ ও অন্যান্য মূর্তির হাত পা। ক্লাব কর্তৃপক্ষের অনুমান, দুপুরে যে সময় মৃৎশিল্পীরা খেতে গিয়েছিলেন সেই সময়ই এই হামলা চালায় দুষ্কৃতীরা। তবে সংখ্যায় তারা কতজন ছিলেন তা এখনো পরিষ্কার না। অন্যদিকে ঘটনায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমা সাধারণ মানুষ।
সূত্রের খবর, দুপুরের পরেই বালুরঘাট থানায় অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ক্লাবের তরফে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের দুর্গা পুজোকে কেন্দ্র করে এমন অশান্তির ঘটনা আকছার শোনা যেত। অভিযোগ উঠতাম সে দেশের সংখ্যাগুরুদের বিরুদ্ধে। গত বছরও মূর্তি ভাঙা ও মণ্ডপ তছনছের বহু খবর সামনে আসে। এই অবস্থায় সেই অরাজকতার আঁচ যে পশ্চিমবঙ্গেও পড়বে, তা কল্পনাতীত ছিল সাধারণ মানুষের কাছে।