স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে ভারতের। এক ম্যাচ বাকি থাকতেই জয়। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩১ বল বাকি থাকতে ৭ উইকেটে দ্বিতীয় টি-২০ জেতে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে জোড়া সিরিজ হারের পর জিম্বাবোয়ে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সিরিজ জয়। কিছুটা হাফ ছেড়ে বাঁচবেন শ্রেয়স আইয়ার।
বৈভব সূর্যবংশীকে না খেলানোয় সমালোচনার ঝড় বইছে ক্রিকেটমহলে। এমন পরিস্থিতিতে বিপরীত ফল হলে সমস্যায় পড়তেন শ্রেয়স আইয়ার, গৌতম গম্ভীর। তবে ভরসার মান রাখেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, এদিন জ্বলে ওঠেন।নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে আফগানিস্তান। দলের ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন খেলেন ২২ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। আরেক ওপেনার অভিষেক শর্মা এই ম্যাচেও দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি করেন ১৯ বলে ৩৯ রান। ঈশান কিষাণ ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ১১ রান এবং তিলক ভার্মা ১৫ রানে অপরাজিত থাকেন।
জয়ের পর শ্রেয়স বলেছেন, ‘‘আমরা দাপট নিয়ে ম্যাচ জিততে পছন্দ করি। ঠিক সেটাই করতে পেরেছি। উত্থান-পতন থাকেই। তার মধ্যে ভারসাম্য রাখাটা জরুরি। অতীত নিয়ে আমরা খুব একটা ভাবি না। মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’’ শ্রেয়স জানিয়েছেন সিরিজ়ের তৃতীয় ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় শিবির। শ্রেয়স বলেছেন, ‘‘তৃতীয় ম্যাচের দলে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমরা চাই সকলে খেলার মধ্যে থাকুক। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাক। যারা নিয়মিত অনুশীলন করছে কিন্তু বাইরে বসে রয়েছে, ওদের খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। আমরা সুযোগটা কাজে লাগাতে চাই।’অনেকদিন পরে ফর্ম ফিরে পেয়ে সঞ্জু বলেন, ‘আমার মনে হয়, অভিষেক এবং বৈভব বাইরের জগতের কাছে আমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমরা একটা দল। আর আমরা দেশের হয়ে খেলছি। আমাদের প্রাথমিক লক্ষ্য ম্যাচ জেতা। তারপর ব্যক্তিগত ভাবনা। আমরা নেতিবাচক মনোভাব বহন করি না। আমি কেন সুযোগ পেলাম না, ও কেন পেল, এমন মনোভাব এখানে কাজ করে না। ’