স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার দুই সপ্তাহও পার হয়নি, আরও একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। জীবনে শেষবারের মতো। ২০২৬ বিশ্বকাপে শেষবার দেশের জার্সি গায়ে চাপান মেসি। আবার অক্টোবরে নিজের ফেয়ারওয়েল ম্যাচে নীল সাদা জার্সিতে দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে। মেসি ভক্তরা ধরেই নিয়েছিল, আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন মহাতারকা। তেমন জানিয়েছিলেন খোদ মেসিই। কিন্তু চমক দিলেন লিওনেল স্কালোনি।
৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। সেই দলে রাখা হয়েছে মেসিকে। বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য প্রাথমিকভাবে ২৬ জনের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ। সেই দলে রাখা হয়েছে মেসিকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকেও এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনার পর আমরা বিশ্বের সেরা ফুটবলার, আমাদের দলের আইকন, আমাদের অধিনায়ক লিওনেল মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় ওকে প্রাপ্য ফেয়ারওয়েল দেওয়া যায়। লিওনেল সেই আমন্ত্রণ গ্রহণ করেছে। তারপর আমরা ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের পরিবার সহ আমন্ত্রণ জানাচ্ছি, যারা ওর সঙ্গে খেলেছে। আর্জেন্টিনাবাসীদের জন্য ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের সেরা প্লেয়ারকে শেষবার দেশের জার্সিতে মাঠে দেখার সুযোগ পাবে।’