ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অ্যাড-ডি-ক্যাম্প বা এডিসি হিসেবে দায়িত্ব পেলেন মেজর নব্য শেখাওয়াত। ভারতীয় সেনাবাহিনী থেকে এই পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা আধিকারিক তিনি। তাঁর এই নিয়োগের ফলে ইতিহাস তৈরি হল দেশে।
রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব নেওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁকে। রাষ্ট্রপতির পাশে থেকে বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্বও সামলাচ্ছেন এই তরুণী সেনা আধিকারিক। তাঁর এই নিয়োগ দেশের সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপতিকে বিভিন্ন সরকারি কর্মসূচিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এডিসির অন্যতম প্রধান কাজ। পাশাপাশি সামরিক ও রাষ্ট্রীয় প্রোটোকল মেনে চলার বিষয়টিও তাঁদের দেখতে হয়।
উল্লেখ্য ১৯৯২ সালে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের প্রবেশের সুযোগ তৈরি হয়। পরবর্তী সময়ে একাধিক সিদ্ধান্তের মাধ্যমে সেই সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
এই পরিবর্তনের ক্ষেত্রে ২০২০ সালের সুপ্রিম কোর্টের রায় বিশেষ গুরুত্বপূর্ণ। শীর্ষ আদালত জানায়, শর্ট সার্ভিস কমিশনে থাকা যোগ্য মহিলা আধিকারিকদের পুরুষ সহকর্মীদের মতোই স্থায়ী কমিশনের জন্য বিবেচনা করতে হবে। এর পর থেকে সেনাবাহিনীতে মহিলাদের জন্য দীর্ঘমেয়াদি কর্মজীবনের সুযোগ আরও প্রসারিত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও মহিলা আধিকারিকদের উপস্থিতি বেড়েছে। রাষ্ট্রপতির এডিসি পদে মেজর নব্য শেখাওয়াতের নিয়োগ সেই ধারাবাহিকতারই একটি নতুন উদাহরণ।