ওঙ্কার ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিল কর্তৃপক্ষ। এবার গোটা ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি রাস্তার আলোর সংখ্যাও বৃদ্ধি করা হবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয় চত্বরে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রায় ৭০টি সিসি ক্যামেরা রয়েছে। তবে এতেই সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের কোনও অংশ যাতে নজরদারির বাইরে না থাকে, সেই লক্ষ্যেই পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজিৎ দত্ত জানিয়েছেন, এই উদ্দেশ্যে আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে অডিট শুরু হবে। অডিটের মাধ্যমে ক্যামেরাবিহীন এলাকাগুলি চিহ্নিত করা হবে। কোথায় আরও ক্যামেরা প্রয়োজন, তাও দেখা হবে। পাশাপাশি মোট কতগুলি নতুন ক্যামেরা লাগবে, তার হিসাবও করা হবে। অডিট শেষ না হওয়া পর্যন্ত নতুন ক্যামেরার সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। একই ভাবে কোন কোন জায়গায় ক্যামেরা বসানো হবে, তাও পরে নির্দিষ্ট করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
এই কাজে রাজ্য সরকারের সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সরকারি সহায়তার আশ্বাস পাওয়ার পরই অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, নিরাপত্তা বাড়াতে নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তাই প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভবনগুলিকে বিশেষ নজরে রাখা হতে পারে।অপেক্ষাকৃত নির্জন এবং স্পর্শকাতর এলাকাগুলিও অডিটের আওতায় আনা হবে। ক্যাম্পাসে প্রবেশ ও জমায়েত নিয়েও ইতিমধ্যে কড়া অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়। রাত ৮টার পর ক্যাম্পাসের ভিতরে যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষের যাতায়াতের জন্য ক্যাম্পাসের রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না।