রোজকার কাজের জায়গায় নিজেকে সামান্য পরিপাটি করে রাখা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি নিজের প্রতি যত্ন এবং আত্মবিশ্বাসেরও প্রকাশ। তবে প্রতিদিন অফিস বা কর্মক্ষেত্রে সাজ মানেই ভারী মেকআপ কিংবা অনেকটা সময় আয়নার সামনে কাটানো নয়। বরং অল্প কিছু সহজ অভ্যাসেই তৈরি করা যায় সতেজ, স্বাভাবিক এবং মার্জিত একটি লুক।
শুরু করা যেতে পারে ত্বকের যত্ন দিয়ে। সকালে মুখ পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার এবং অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করুন। ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজড থাকলে আলাদা করে ভারী মেকআপের প্রয়োজন অনেকটাই কমে যায়। প্রয়োজনে সামান্য বিবি ক্রিম বা টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে, যাতে ত্বক স্বাভাবিক দেখায় এবং ছোটখাটো অসম্পূর্ণতাও হালকা করে ঢেকে যায়।
চোখের সাজ যতটা সম্ভব সিম্পল রাখাই কর্মক্ষেত্রের জন্য ভালো। ভ্রু সামান্য গুছিয়ে নিন, আর চাইলে খুব হালকা কাজল বা পাতলা আইলাইনার ব্যবহার করতে পারেন। এতে চোখকে আরও সতেজ দেখাবে, কিন্তু সাজ অতিরিক্ত মনে হবে না। মাসকারা ব্যবহার করলে এক কোটই যথেষ্ট।
আর ঠোঁটে ? প্রতিদিনের সাজে হালকা লিপস্টিক হতে পারে আপনার সবচেয়ে সহজ ‘ফিনিশিং টাচ’। ন্যুড, সফট পিঙ্ক, পিচ কিংবা হালকা ব্রাউন—নিজের ত্বকের রং ও পোশাকের সঙ্গে মানানসই শেড বেছে নিন। খুব গাঢ় রং এড়িয়ে নরম, স্বাভাবিক শেড ব্যবহার করলে পুরো লুকটাই থাকবে পরিপাটি।
চুলের দিকেও একটু নজর দিন। খোলা চুল রাখলে তা যেন গুছানো থাকে। ব্যস্ত দিনের জন্য পনিটেল, লো বান কিংবা সাধারণ ক্লাচ দিয়েও সুন্দরভাবে চুল সামলানো যায়। সঙ্গে ছোট, সিম্পল কানের দুল বা ঘড়ির মতো মিনিমাল অ্যাকসেসরিজ সাজকে আরও মার্জিত করে তুলতে পারে।
সবশেষে মনে রাখুন, কর্মক্ষেত্রের সাজের মূল কথা হলো পরিচ্ছন্নতা, স্বাচ্ছন্দ্য এবং স্বাভাবিকতা। সাজ এমন হওয়া উচিত, যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে, কিন্তু কাজের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করবে না। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও কয়েক মিনিট নিজের জন্য রাখুন—একটু ময়েশ্চারাইজার, সামান্য লিপস্টিক, গুছিয়ে নেওয়া চুল আর একটুখানি হাসিই হতে পারে আপনার রোজকার পরিপাটি লুকের সম্পূর্ণতা।