ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোর আগেই মহাকরণে ফিরতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুতগতিতে এগোচ্ছে সেই প্রস্তুতি। পূর্ত দপ্তর সূত্রে খবর, আগামী ১০ অক্টোবরের মধ্যে মহাকরণে মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কার শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই দিন থেকেই দেবীপক্ষ শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ অবশ্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ আমলাদের দপ্তর তৈরির কাজও চলছে। রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি-সহ কয়েকজন শীর্ষ আধিকারিকের ঘরও দ্রুত প্রস্তুত করা হচ্ছে।
সূত্রের খবর, মহাকরণ সংস্কারের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। সেখানে কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংস্কারের গতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের আগেই মুখ্যমন্ত্রীর দপ্তর প্রস্তুত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে খবর। শুধু মুখ্যমন্ত্রীর ঘর নয়। আরও পাঁচ মন্ত্রীর দপ্তরও একই সময়ের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে ছয় মন্ত্রী মহাকরণে বসবেন তাঁরা হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দার।
উল্লেখ্য রাজ্য প্রশাসনের হেড কোয়ার্টার মহাকরণ থেকে নবান্নে সরানো হয়েছিল ২০১৩ সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ আমলে নির্মিত মহাকরণ সংস্কারের প্রয়োজনের কারণে এই পদক্ষেপ করা হয়। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও সেই কাজ এখনও অর্ধেকও সম্পূর্ণ হয়নি। সংস্কারের অগ্রগতি ৫০ শতাংশের কাছেও পৌঁছয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে। বিজেপির সরকার ক্ষমতায় আসার পর পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছিল, নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকেই সরকার পরিচালনা করা হবে।