সাত সকালে শহরে ইডি অভিযান। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার সকালে তাঁর, বাড়ি, অফিস-সহ একাধিক ঠিকানায় শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, P258 দারগা রোডে সাংসদের মেয়ের বাড়িতেও পৌঁছোয় ইডি আধিকারিকরা। অভিযোগ, কলকাতায় নাদিমুল হকের একটি উর্দু ভাষায় সংবাদপত্রের অফিস রয়েছে, তার আড়ালে বেআইনি লেনদেন হয়েছে এবং তাতে তৃণমূল কংগ্রেসেরও অর্থ রয়েছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই আজ সাত সকালে সাংসদের নাদিমুল হকের অফিস ও বাড়িতে একযোগে তল্লাশি শুরু করে ইডি।
নাদিমুল হক একটি দৈনিক উর্দু সংবাদপত্রের মালিক। ১২, দরগা রোড, পার্কসার্কাসে আকবর-ই-মশরিক প্রাইভেট লিমিটেড নামে ওই সংবাদপত্রের দফতর। সোমবার সকালে সেখানেই হাজির হন কেন্দ্রীয় বাহিনী ও ইডি। শুরু হয় তল্লাশি। গোয়েন্দাদের অভিযোগ, এই সংবাদপত্রের দফতর থেকে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অর্থও লেনদেন হয়েছে। জানা যায়, গতমাসে সংক্রান্ত অভিযোগ, বিধাননগর পুলিস কমিশনারেটে জানান হয়েছিল। তার ভিত্তিতেই আজ তদন্তে নামে পুলিস। কাদের সঙ্গে এই অর্থ লেনদেন, তার বৈধ নথি আছে কিনা, সব কিছুর উত্তর খুঁজতে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
এছাড়াও দিল্লিতে নাদিমুল হকের বাড়ি ও অফিসেও চলছে অভিযান। সেখানে ৬১, সাউথ অ্যাভিনিউয়ে তাঁর একটি অফিস রয়েছে, যা মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়। দিল্লিতে কালীঘাট শিবিরের যাবতীয় কাজকর্ম ওই দফতর থেকেই পরিচালিত হয়। ওই দফতরের নথি খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইডি। যদিও সূত্রের খবর, তল্লাশি অভিযান চলাকালীন বাড়িতে তাঁর খোঁজ মেলেনি। তবে পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।