স্পোর্টস ডেস্ক : ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ব্রাজিল। তার আগে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানান, ভারতে খেলতে আসা নিয়ে তিনি উৎসাহিত। ব্রিসবেন থেকে ব্রাজিলের কোচ জানান, বিশ্বের বাকি দেশগুলোর ফুটবল সংস্কৃতি নিয়ে ব্রাজিলের ধারণা থাকা দরকার। তিনি দাবি করেন, বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই ভারতের। তাই দুই দলের কাছেই এটা বড় সুযোগ।
আনচেলত্তি আরও বলেন, ‘আমাদের অন্য দেশ এবং অন্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। বিভিন্ন ধরনের ফুটবল খেলা দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে আমরা অভ্যস্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচটা আকর্ষণীয় হবে। এটা ঠিক যে বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে তাঁরা কীভাবে খেলে, সেটা আমাদের জানাও গুরুত্বপূর্ণ। আমি কখনও ভারতে আসিনি। কলকাতায় আসার জন্য আমি খুবই উৎসাহিত। এরপরই ভারতীয় ফুটবল নিয়ে আরও কড়া মন্তব্য করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ। আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, এটা সংস্কৃতির সমস্যা। ভারতে ফুটবলের সংস্কৃতি নেই। তবে অন্য খেলায় ভারত ভাল। নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করতে এই জায়গায় কাজ করতে হবে।’