স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ক্রীড়াসূচি অবশেষে প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার বল গড়াবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।
টি-টোয়েন্টি ফরম্যাটে হবে টুর্নামেন্ট। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এটাই ড্রেস রিহার্সাল। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। এশিয়া কাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে, তাতে ভারত-পাক একবার নয়, তিন বার মুখোমুখি হতে পারে গোটা টুর্নামেন্টে।
এর আগে লিজেন্ডস বিশ্বকাপে দুই প্রতিবেশী দেশের লড়াই বাতিল হয়েছে। যুবরাজ সিং, শিখর ধাওয়ান-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি।
ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে খেলতে না চাওয়ায় তীব্র সমালোচিত হন। প্রাক্তন পাক ক্রিকেটাররা বলতে থাকেন, একসঙ্গে খাওয়া বা ঘোরার বেলায় কোনও বাধা নেই। কিন্তু যত সমস্যা হয় খেলার বেলা। এবার এশিয়া কাপে দুই প্রতিবশী দেশ একাধিকবার খেলবে। দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের ক্রিকেট মাঠে দেখা হয় আইসিসি ইভেন্টে, না হয় এশিয়া কাপে। বোর্ডের এহেন নীতির সমালোচনায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
বোর্ডের কড়া সমালোচনা করে আজহার বলেছেন, ”আমি সব সময়েই বলি, ভারত-পাকিস্তান ম্যাচ হলে সব জায়গাতেই হওয়া উচিত, আর না হলে কোথাও নয়। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয় ভারত ও পাকিস্তানের মধ্যে, তাহলে আন্তর্জাতিক মঞ্চেও খেলা উচিত নয়।কিন্তু সরকার ও বোর্ড যেটা বলবে, তাই ঘটবে।”
