ওঙ্কার ডেস্কঃ রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল। বাণিজ্য চূক্তির আগে থেকেই আমেরিকা দাবি করেছিল ভারত, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু এবার সেই দাবিকে কার্যত উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার বক্তব্য, নয়াদিল্লি তার জ্বালানি আমদানি নীতিতে কোনও বদল এনেছে, এমনটা বিশ্বাস করার কোনও কারণ নেই।
রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ভারতের রাশিয়ান হাইড্রোকার্বন কেনা “দুই দেশের পক্ষেই লাভজনক”। তিনি স্পষ্ট জানান, ভারত তার অবস্থান বদলেছে বলে বিশ্বাস করার কোনও কারণ নেই। স্বাধীন দেশগুলিকে নির্দেশ দেওয়ার অধিকার যেন নিজেদের হাতে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের দাবি নিয়ে এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। সরকারিভাবে এই দাবি নিশ্চিতও যেমন করা হয়নি, খারিজও করেনি ভারত। দিল্লির অবস্থান আগের মতোই স্পষ্ট, জ্বালানি কেনাবেচার ক্ষেত্রে “জাতীয় স্বার্থ”ই হবে একমাত্র নির্দেশক।
এর আগেও রাশিয়া অভিযোগ করেছিল, ভারত-সহ অন্যান্য দেশকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে নানা চাপ সৃষ্টি করছে। মস্কোর দাবি, শুল্ক, নিষেধাজ্ঞা এবং সরাসরি নিষেধাজ্ঞার মতো “জবরদস্তিমূলক” পদ্ধতি ব্যবহার করছে ওয়াশিংটন।
