ওঙ্কার ডেস্ক: দেশে বেকারত্বের সামগ্রিক হার কিছুটা কমেছে। তবে সেই তুলনায় মহিলাদের কাজের সুযোগ বাড়েনি, বরং কর্মক্ষেত্রে জায়গা সঙ্কুচিত হয়েছে অর্ধেক আকাশের। কেন্দ্রের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ অনুযায়ী, শহরাঞ্চলে ১৫ থেকে ২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫.৭ শতাংশে। ওই বয়সের পুরুষদের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি এই হার।
কেন্দ্রের রিপোর্ট অনুসারে, আগস্ট মাসে দেশের সার্বিক বেকারত্ব কিছুটা কমেছে। জুলাই মাসে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। তবে আগস্ট মাসে তা নেমে এসেছে ৫.১ শতাংশে। অর্থাৎ সামগ্রিকভাবে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শহুরে মহিলাদের ক্ষেত্রে পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হয়নি। বরং তাঁদের কর্মহীনতা বেড়েছে। গ্রামাঞ্চলেও মহিলাদের কর্মসংস্থানের চিত্র আশাব্যঞ্জক নয়। গ্রামীণ ভারতে তরুণীদের বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ১৪.৩ শতাংশে। আগস্টে গ্রামীণ এলাকায় তরুণদের বেকারত্ব কমেছে ১২.৬ শতাংশে।
উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগে সেই সময় মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতি বছর ২ কোটি চাকরি তৈরি হবে বলে। কিন্তু মোদীর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার এক দশক পরেও দেশে বেকারত্বের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, সরকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল শুধুই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য।
