ওঙ্কার ডেস্ক: ১০ মিনিট দেরি হওয়ায় মিস করেছিলেন বিমান। আর তার জেরে প্রাণে বেঁচে গেলেন লন্ডননিবাসী ভারতীয় মহিলা ভূমি চৌহান। বরাতজোরে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়ায় ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, লন্ডনে স্বামীর সঙ্গে থাকেন ভূমি। দু’বছর পর ছুটি কাটাতে ভারতে ফিরেছিলেন তিনি একা। পরিবারের সঙ্গে আনন্দ করে লন্ডনে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বিপর্যয়ের পর এখন, দাঁড়িয়ে শুধুই প্রার্থনা করছেন নিহত যাত্রীদের আত্মার শান্তি কামনায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিমানবন্দরে দুপুর ১.৩০ নাগাদ পৌঁছেছিলেন তিনি। কিন্তু পৌঁছনোর কথা ছিল ১.২০ এর মধ্যে। দশ মিনিট দেরিতে পৌঁছনোর ফলে বোর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ান শুরু করে ১.৩৮ নাগাদ। তার পরই হয় ঘটে দুর্ঘটনা। ভূমি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। ওই দশ মিনিট, ওই দশ মিনিট আমায় বাঁচিয়ে দিল। গণপতি বাপ্পার কৃপায় আমি আজ বেঁচে।’ যে দুর্ঘটনার দৃশ্য দেখেছে দেশবাসী। তার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন ভূমি। তাঁর কথায়, ‘ওই বিমানে আমিও থাকতাম, ভাবলেই গা শিউরে উঠছে।’ উল্লেখ্য, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনা ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এই বিমানটি ৬২৫ ফুট পর্যন্ত উঠে আচমকাই ভেঙে পড়ে। বিস্ফোরণে প্রাণ যায় ২৪১ জনের।
