ওঙ্কার ডেস্ক: চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। আর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আয়োজিত হবে। এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট হতে চললেও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন তা এখনও ঠিক করে উঠতে পারেনি পদ্ম শিবির। তবে সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতি পদে মোদী শাহের পছন্দ মতো লোককে বসানো হোক, তা একেবারেই চাইছে না সঙ্ঘ।
সম্প্রতি আরএসএস এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত মন্তব্য করেছিলেন ৭৫ বছর বয়সে অবসরের বিষয়ে। যা কার্যত সরাসরি মোদীর উপর চাপ তৈরির চেষ্টা হিসাবেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্রের খবর, সঙ্ঘ পরিবার চাইছে, জেপি নাড্ডার মতো কাউকে সভাপতি পদে বসিয়ে অমিত শাহ দলের রাশ নিজের হাতে রাখুন, তা যেন না হয়। এ ছাড়া মোদীর বিরোধী শিবিরের লোক হিসেবে পরিচিত সঞ্জয় জোশীকে সাংগঠনিক দায়িত্বে ফেরানোর পক্ষে আরএসএস।
আরএসএসের নেতা দত্তাত্রেয় হোসবোলে সম্প্রতি জেপি নাড্ডা, সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং অরুণ কুমারের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে দলের সভাপতি নির্বাচনের কাজের গতিপ্রকৃতি জানতে চেয়েছেন তিনি। শুধু তাই নয়, পরে আরও এক বার বিএল সন্তোষকে ডেকে জানতে চেয়েছেন কেন দীর্ঘায়িত হচ্ছে সভাপতি নির্বাচন।
আরএসএস এর বহু নেতা মনে করছেন, মোদী-অমিত শাহ জুটি বিজেপির রাজনৈতিক চরিত্র ধরে রাখতে পারেননি। এই পরিস্থিতি বদলাতে তাই কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত সঞ্জয় জোশীকে সংগঠনে বড় দায়িত্ব দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
