ওঙ্কার ডেস্ক: নেপালে অশান্তি ও বিক্ষোভের ঘটনার সময় মৃত্যু হয়েছে এক ভারতীয়েরও। নেপালে যখন উত্তপ্ত পরিস্থিতি, সেই সময় প্রাণ বাঁচাতে কাঠমান্ডুর এক হোটেল থেকে চাদর দিয়ে দড়ি বানিয়ে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই মহিলার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ওই মহিলা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত মহিলার নাম রাজেশদেবী গোলা। গত ৭ সেপ্টেম্বর তাঁর স্বামী রামবীর সিংহ গোলার সঙ্গে নেপালের কাঠমান্ডুতে ঘুরতে গিয়েছিলেন তিনি। ওই দম্পতি কাঠমান্ডুর একটি হোটেলে উঠেছিলেন। এক সপ্তাহ ধরে বেড়ানোর পরিকল্পনা থাকলেও ওই দম্পতি দেশে ফিরে আসার আগে বিক্ষোভ-আন্দোলনে অশান্ত হয়ে ওঠে নেপাল। বিক্ষোভকারীরা নেপালের রাজধানী কাঠমান্ডু-সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। সেই পরিস্থিতিতে বিক্ষোভের আঁচ এসে পড়ে হোটেলগুলিতেও। রাজেশদেবী গোলা যে হোটেলে ছিলেন সেই হোটেলেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। উত্তরপ্রদেশের এই দম্পতি প্রাণ বাঁচাতে হোটেলের চার তলা থেকে কাপড় এবং বিছানার চাদর দিয়ে দড়ি তৈরি করেন। তা দিয়ে নামার সময় হাত ফস্কে পড়ে যান মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। গুরুতর জখম হন তাঁর স্বামী রামবীর।
উল্লেখ্য, সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত হয়েছে নেপাল। সে দেশের ছাত্র ও যুব সমাজ কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে কাঠমান্ডু-সহ বিভিন্ন জায়গায়। একাধিক মন্ত্রীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। অগ্নি সংযোগও করা হয়। পুলিশের গুলিতে অন্তত ২১ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
