ওঙ্কার ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী ১ আগস্ট থেকে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবারের জন্য ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করার ঘোষণা করেছেন তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে এদিন নিতীশ কুমার লিখেছেন, ‘আমরা শুরু থেকেই সকলকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। এখন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১ আগস্ট, ২০২৫ থেকে, রাজ্যের সমস্ত গৃহস্থালী গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনও চার্জ দিতে হবে না। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে।’ তিনি আরও জানান, আগামী তিন বছরে, এই পরিবারগুলির সম্মতিতে, তাদের ছাদে বা কাছাকাছি জায়গায় সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। নীতিশ কুমার আরও যোগ করেন, ‘কুটির জ্যোতি প্রকল্পের অধীনে, অত্যন্ত দরিদ্র পরিবারের জন্য, সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। বাকিদের জন্য, সরকার যথাযথ সাহায্য করবে। গ্রাহকরা কেবল ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে না, বরং আগামী তিন বছরের মধ্যে, বিহারে ১০,০০০ মেগাওয়াট পর্যন্ত সৌরশক্তি উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে।’
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জনতা দল ইউনাইটেডের নেতা এবং প্রধান মুখপাত্র নীরজ কুমার। তিনি বলেন, ‘নীতীশের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা সর্বোচ্চ হারে বিদ্যুৎ কিনি কিন্তু তবুও গ্রাহকদের ভর্তুকি দেওয়া হয়। দলিত, সংখ্যালঘু এবং পরিশ্রমী মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই পদক্ষেপ বিহারের সামাজিক বদলে আরেকটি মাইল ফলক।’
