স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেট টিম নিয়ে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার ভারসাম্য রয়েছে। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন, ইংল্যান্ড সফরের আগে সাদা বলে খেলার জন্য কঠিন পরিস্থিতিতেও ভালো খেলার মতো সক্ষমতা এই দলের আছে।
ইংল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন তরুণ দলের প্রতি সমর্থন জানিয়ে শাস্ত্রী আশা, তারা নিজেদের পারফরম্যান্স দিয়ে জোরালো ছাপ ফেলতে পারবে। সোনি স্পোর্টস নেটওয়ার্ককে শাস্ত্রী বলেন, “নতুন এই ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ সংমিশ্রণ রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রেয়াস আইয়ার একজন শক্তিশালী খেলোয়াড়। নতুন ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ তাকে দেওয়া হয়েছে দেখে আমি বেশ উচ্ছ্বসিত। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা এবং দলের অন্য সব সদস্যের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি।”
ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন শ্রেয়াস আইয়ার এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন তিলক ভার্মা। এই দলে অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, সূর্যাংশ শেজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, প্রিন্স যাদব এবং কিশোর প্রতিভাবান খেলোয়াড় বৈভব সূর্যবংশীর মতো প্রতিশ্রুতিশীল তরুণরা রয়েছেন।
ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করার পর কোহলি দলে ফিরছেন। বুমরাহ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন, যেখানে তাঁর সঙ্গে থাকবেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা ও গুরনূর ব্রার। উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে কেএল রাহুল ও ঈশান কিষাণকে। স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার বলেছেন, প্রতিষ্ঠিত খেলোয়াড়দের পাশাপাশি নিজেদের মেলে ধরার জন্য ভারতের পরবর্তী প্রজন্মের কাছে এই সফরটি একটি দারুণ সুযোগ।
গাভাস্কার বলেন, “২০২৬ সালের ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত এই ভারতীয় দলটি তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার সংমিশ্রণ। ইংলিশ কন্ডিশনে তারা কেমন পারফর্ম করে, তা দেখার জন্য আমি বিশেষভাবে আগ্রহী। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এবং সহ-অধিনায়ক হিসেবে তিলক ভার্মার উপস্থিতি দলটিকে একটি শক্ত ভিত্তি প্রদান করেছে। তবে আসল উত্তেজনা লুকিয়ে আছে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর মতো তরুণ প্রতিভাদের ঘিরে; যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে এরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মিডল অর্ডারে সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণোই ও উদীয়মান হর্ষিত রানাকে নিয়ে গঠিত বোলিং লাইনআপটিও বেশ শক্তিশালী মনে হচ্ছে।”