ওঙ্কার ডেস্ক: পাটনা থেকে লখনউ যাওয়ার পথে মাঝ আকাশে বজ্রপাতের কবলে পড়ল ইন্ডিগোর একটি বিমান। বুধবার প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় এই ঘটনা ঘটে। বজ্রপাতের জেরে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে পাইলটের তৎপরতায় নিরাপদেই লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানের ১০৪ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য সকলেই সুস্থ রয়েছেন।
বুধবার পাটনা থেকে লখনউয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইন্ডিগোর বিমানটি। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে সেটি। সেই সময় বিমানটি প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় ছিল। এর মধ্যেই বজ্রপাতের কবলে পড়ে উড়ানটি। পরে অবতরণের সময় ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আসে। বিমানের সামনের দিকে থাকা রাডোম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের ভিতরেই থাকে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত রাডার। প্রাথমিক ভাবে বজ্রপাতের প্রভাবের সম্পূর্ণ মাত্রা বুঝতে পারেননি পাইলট। বিমানটি নির্ধারিত সময়ের প্রায় আট মিনিট আগেই লখনউয়ে পৌঁছে যায়। অবতরণের পরেই ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়।
লখনউ বিমানবন্দরে নামার পরই বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়। অর্থাৎ, পরবর্তী উড়ানের জন্য সেটিকে আর অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে প্রযুক্তিগত দল বিমানটির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। বিষয়টি জানানো হয়েছে অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে। মেরামতি ও প্রয়োজনীয় পরীক্ষা শেষ হওয়ার পর অনুমতি মিললেই বিমানটি ফের পরিষেবায় ফিরতে পারবে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ৭ অক্টোবর পাটনা-লখনউ রুটের বিমানটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়েছিল। অবতরণের সময় শিলাবৃষ্টির মুখেও পড়ে সেটি। এর ফলেই বিমানের রাডোম ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর বিমানটিকে ফের পরিষেবায় যুক্ত করা হবে।