ওঙ্কার ডেস্ক: আগামী ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন। তার আগে ২ মার্চ মধ্যরাত থেকে ভারত-নেপাল সীমান্ত বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন ৫ মার্চ মধ্যরাত পর্যন্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বন্ধ থাকবে। বাহরাইচের রূপাইদিহার ইন্টিগ্রেটেড চেক পোস্ট এর দায়িত্বে থাকা সুধীর শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক ২৬ ফেব্রুয়ারি সীমান্ত বন্ধের এই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে।
সূত্রের খবর, নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন করতে ভারত সংলগ্ন বাঁকে জেলার সমস্ত সীমান্ত চৌকি ২ মার্চ রাত ১২ টা থেকে ৫ মার্চ রাত ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে। শর্মা বলেন, এই সময়কালে চেক পোস্ট দিয়ে পণ্য আমদানি ও রফতানি স্থগিত থাকবে। তবে প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন বন্ধ থাকবে না।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন জিদের বিক্ষোভের ফলে পতন হয় তৎকালীন সরকারের। রক্তক্ষয়ী দুর্নীতিবিরোধী আন্দোলনে সরকার পতনের পর এই প্রথম সে দেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। বর্তমানে দেশটির অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সুশীলা সরকার ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হতে চলেছে। প্রায় ৩,৪০০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশের বয়স ৪০ বছরের কম।
