ওঙ্কার ডেস্ক: ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য হুমকি অনুপ্রবেশকারীরা, এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার তিনি বলেন ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ‘অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে জনসংখ্যাগত পরিবর্তনের ফলে হুমকির মুখে’ এবং এটি ‘সামাজিক সম্প্রীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ’। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এদিন মোদী বলেন, ‘যদি এই শক্তি ভেঙে ফেলা হয়, তাহলে ভারত দুর্বল হয়ে পড়বে…।’
উল্লেখ্য, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ইস্যুতে মন্তব্য করেছিলেন। সেদিনের ভাষণে অনুপ্রবেশকারীদের দ্বারা যুবকদের জীবিকা কেড়ে নেওয়া এবং আমাদের বোন ও মেয়েদের লক্ষ্যবস্তু করা থেকে রক্ষা করার’ জন্য ‘ডেমোগ্রাফিক মিশনের’ কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই কারণেই আমি ‘ডেমোগ্রাফিক মিশনের’ ঘোষণা করেছি…”। প্রধানমন্ত্রী মোদীর সেই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়। অনেকে অভিযোগ করেন, মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছেন মোদী।
বছর ঘুরলে যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই অনুপ্রবেশ ইস্যু বাংলায় আলাদা মাত্রা পায়। বিজেপির ‘অনুপ্রবেশকারী’ অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের। যদি অসম, পশ্চিমবঙ্গের মত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশ ঘটেই থাকে, তাহলে তা কেন্দ্রের বিজেপি সরকারের গাফিলতির জন্যই হয়েছে।
