ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিখোঁজ হওয়ার ছয় দিন পর ভারতীয় ছাত্র সাকেথ শ্রীনিভাসনের মৃতদেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী ভারতীয় মহলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর বার্কলে অঞ্চলের একটি এলাকায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
২২ বছর বয়সি সাকেত কর্নাটকের বাসিন্দা ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন। তার আগে তিনি ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মেধাবী ছাত্র হিসেবে তিনি গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
বন্ধু ও সহপাঠীদের দাবি, নিখোঁজ হওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে সাকেত মানসিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তিনি স্বাভাবিকের তুলনায় কম কথা বলতেন এবং সামাজিক যোগাযোগ থেকেও দূরে সরে যাচ্ছিলেন বলে তাঁদের পর্যবেক্ষণ। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
ঘটনার পর সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট শোকপ্রকাশ করে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মৃতদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়ায় পরিবারকে সহায়তা করা হচ্ছে। একই সঙ্গে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।
