ওঙ্কার ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ল পাকিস্তানের সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান। এই বিমান ভেঙে পড়ার ফলে নিহত হয়েছেন দুই পাইলট। সোমবার বালোচিস্তানের রাজধানী কোয়েটার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
পাক সেনাবাহিনীর তরফে এক বিবৃতি প্রকাশ করে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দুপুরের দিকে কোয়েটার নাওয়ান কিল্লির কাছে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে।’ বিবৃতিতে আরও বলা হয়, এই ‘দুঃখজনক দুর্ঘটনায়’ প্রশিক্ষক মেজর হাসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী ক্যাপ্টেন আব্দুল সামাদ—দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।
সেনাবাহিনীর দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উল্লেখ্য, এর আগে গত জুন মাসে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে। যার ফলে এতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়।