ওঙ্কার ডেস্ক: নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে যোগ দেবেন না ধনকুবের বিল গেটস। বৃহস্পতিবার ‘গেটস ফাউন্ডেশন’ এর তরফে জানানো হয়েছে, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা না উপস্থিত থাকলেও তাঁর সংস্থার প্রতিনিধি অংশ নেবেন। গেটস ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অংশ নেবেন সংস্থার আফ্রিকা এবং ভারতের দফতরগুলির প্রধান অঙ্কুর ভোরা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে তাঁর ভাষণ দেওয়ার কথা।
সমাজ মাধ্যমে গেটস ফাউন্ডেশনের তরফে লেখা হয়েছে, ‘ভাবনাচিন্তা করে এবং এআই সম্মেলনের বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে গেটস স্বাগতভাষণ দিচ্ছেন না।’ পোস্টে আরও বলা হয়েছে, ‘গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে প্রতিইশ্রুতিবদ্ধ।’ পর্যবেক্ষকদের মতে এপস্টিন ফাইল সংক্রান্ত বিতর্কে নাম জড়িয়েছে বিল গেটসের। গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মধ্যে ইমেল বিনিময় হয়েছে। যা প্রমাণ করে দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। একটি ইমেলে দাবি করা হয়েছে, একাধিক রুশ মহিলার সঙ্গে বিছানা ভাগ করে নিয়েছেন গেটস। যার পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
দাবি করা হয়, তার পরে স্ত্রী মিলিন্দা গেটসকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা। যদিও এই দাবি অস্বীকার করেছেন বিল গেটস। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় এবং সাক্ষাত হয়েছিল। কিন্তু নারীসঙ্গের যে কথা বলা হচ্ছে তা মিথ্যা। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বলেন, ‘ওঁর সঙ্গে কাটানো প্রত্যেক মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’
