ওঙ্কার ডেস্ক: ইরানের উপর মার্কিন হামলা ঘিরে আমেরিকার ভিতরেই বাড়ছে মতভেদ। সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের মাত্র এক চতুর্থাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে। অর্থাৎ প্রতি চারজন আমেরিকানের মধ্যে প্রায় একজন এই হামলাকে সমর্থন করছেন, বাকিদের বড় অংশই বিরোধিতা করছেন বা নিশ্চিত মত দিচ্ছেন না।
আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা আইপোস এবং সংবাদ সংস্থা রাইটার্স যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করে। ফলাফলে দেখা গিয়েছে, প্রায় ৪৩ শতাংশ উত্তরদাতা ইরানের উপর মার্কিন আক্রমণের সরাসরি বিরোধিতা করেছেন। আর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে তারা এখনও দ্বিধায় রয়েছেন।
সমীক্ষায় আরও উঠে এসেছে, দেশের বর্তমান সামরিক নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত আগ্রাসী অবস্থান নিচ্ছেন বলে মনে করেন বহু নাগরিক। অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি মনে করেন, আন্তর্জাতিক সংকটের মোকাবিলায় কূটনৈতিক সমাধানের পথেই বেশি জোর দেওয়া উচিত ছিল। বিশেষ করে ডেমোক্র্যাট সমর্থকদের বড় অংশ এই সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তবে রিপাবলিকান শিবিরের মধ্যেও কিছু অংশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সমীক্ষায় অংশ নেওয়া বহু আমেরিকান আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে। উল্লেখযোগ্য অংশ জানিয়েছেন, যদি এই অভিযানের জেরে জ্বালানির মূল্য বৃদ্ধি পায় বা মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি হয়, তবে তারা এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেবেন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই জনমত সমীক্ষা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বিদেশনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সতর্ক মনোভাব তৈরি হয়েছে, তা ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং নির্বাচনী রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইরান প্রশ্নে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথ খোঁজার দাবি যে জোরালো হচ্ছে, এই সমীক্ষা তারই ইঙ্গিত বহন করছে।
