ওঙ্কার ডেস্ক: বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হল পাকিস্তান সেনা বাহিনীর বাস। সে দেশের মুস্তং জেলার খডকোচা এলাকায় পাক বাহিনীর এই বাসে হামলা চালিয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি। এই হামলার ফলে মৃত্যু হয়েছে ৪৫ জন পাক জওয়ানের। জখম হয়েছেন বহু। ইতিমধ্যে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি।
এই ঘটনার পর তাৎক্ষণিক ভাবে পাকিস্তানের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। বালোচিস্তান লিবারেশন আর্মির মুখপাত্র জীয়ন্দ বালোচ এক বিবৃতি জারি করে জানিয়েছেন, বিএলএ-এর ‘ফতহ স্কোয়াড’ এই হামলা চালিয়েছে বলে দাবি সংগঠনটির। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, বাসে চেপে পাক সেনারা যাচ্ছিল। সেই সময় বিদ্রোহীরা সেটিকে লক্ষ্যবস্তু করে। মুস্তং জেলার খডকোচা এলাকায় যখন বাসটি পাক সেনা জওয়ানদের নিয়ে পৌঁছয়, তখন তাতে বিস্ফোরণ ঘটানো হয়। বাসে থাকা বেশির ভাগ পাক সেনা জওয়ানেরই মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুসারে, বালোচ বিদ্রোহীরা যখন হামলা চালায় তখন ওই কনভয়ে থাকা অন্য গাড়ির জওয়ানরা বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেই সংঘর্ষেও উভয় পক্ষের বেশ কয়েক জন নিহত হয়েছে। সংগঠনের দাবি, খুব শীঘ্রই এই হামলা সম্পর্কে তারা বিস্তারিত জানাবে। যদিও পাক সরকারের তরফে এই হামলার ঘটনা নিয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, বালোচিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করার দাবি বহুদিন থেকে তুলে আসছেন বালোচ বিদ্রোহীরা। স্বাধীন বালোচিস্তানের দাবিতে তারা দীর্ঘ দিন ধরে সরব। এই পরিস্থিতিতে বার বার পাক সেনার উপর হামলা চালিয়েছে বালোচ বিদ্রোহীরা। গত কয়েক বছরে সেই হামলার সংখ্যাও বেড়েছে। বিদ্রোহীদের দমন করতে পাল্টা অভিযান চালাচ্ছে পাক সেনা বাহিনীও। গত মে মাসেই সেনার কনভয়ে আইইডি হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। সেই হামলায় নিহত হয়েছিলেন ১২ জন জওয়ান।