ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য নাম সুপারিশ করল পাকিস্তান। ভারতের সঙ্গে ইসলামাবাদের সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে দাবি ইসলামাবাদের। আর সে কারণেই ট্রাম্পের নাম সুপারিশ করছে তারা।
পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইসলামাবাদ জানিয়েছে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। ভারত এবং পাকিস্তানকে তিনি যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। যার ফলে বড় ধরণের বিপর্যয় এড়ানো গিয়েছে বলে দাবি পাকিস্তানের।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৫ মিনিট কথা হয়েছে। দুজনের মধ্যে ফোনে এই আলাপ হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই কথোপকথনে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে কেউ মধ্যস্থতা করেনি বলে। পাকিস্তানের দিক থেকে সংঘর্ষ থামানোর প্রস্তাব এসেছিল। যদিও ভিন্ন পথে হেঁটে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়েছেন ভারত পাক সংঘাত তিনিই থামিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এই দাবির সঙ্গে শুরুতে একমত ছিল ইসলামাবাদ। এবার সেই বিষয়টির স্বীকৃতির জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সুপারিশ করল ইসলামাবাদ।
গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা। পহেলগাঁওয়ে নারকীয় হামলা চালিয়ে ২৬ জনকে খুন করার পিছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। তার জবাব হিসেবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। যাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা বাহিনী। ইসলামাবাদ নয়াদিল্লি অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হয় গত ১০ মে। এই সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা ছিল না বলে আগেই জানিয়েছিল ভারত।
