ওঙ্কার ডেস্কঃ শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন ট্রাম্প, কিন্তু দমে যাননি। আবারও নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, ‘কোনও দেশ যদি সুপ্রিম কোর্টের ‘হাস্যকর’ সিদ্ধান্তকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে খেলতে চায়, তাহলে তাঁর পরিনাম ভাল হবে না। বিশেষ করে যারা বহু বছর ধরে আমেরিকাকে ঠকিয়ে এসেছে, তাঁদের উপর আগের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে।’ তাই সতর্ক থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেছেন, এই রায় তাঁর হাতে আরও শক্তিশালী শুল্ক আরোপের ক্ষমতা তুলে দিয়েছে। ট্রাম্পের বক্তব্যে এই কথা স্পষ্ট হয়েছে যে, আগামীদিনে আমেরিকা বাণিজ্যসঙ্গীদের উপর নতুন ‘লাইসেন্স ফি’ আরোপ করার কথা ভাবছে।
উল্লেখ্য, আমেরিকার সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে জানায়, জাতীয় জরুরি পরিস্থিতির জন্য তৈরি আইনের অপব্যবহার করে এই শুল্ক আরোপ করা হয়েছিল, যা সংবিধানসিদ্ধ ক্ষমতার সীমা অতিক্রম করেছে। এই মামলাটি দায়ের করেছিল একাধিক ব্যবসায়ী গোষ্ঠী ও ১২টি রাজ্য। তাঁদের অভিযোগ ছিল, ট্রাম্প একতরফাভাবে এই আইন ব্যবহার করে আমদানি শুল্ক আরোপ করেছেন।
