ওঙ্কার ডেস্ক: ফ্লাইদুবাইয়ের ঘটনার রেশ এখনও কাটেনি। এই আবহে ফের বিপত্তি ঘটল বিমানে। এবার ব্রিটিশ এয়ারওয়েজ়ের একটি বিমান সমস্যার মুখে পড়ল। শিকাগোগামী বিএ২৯৫ বিমানটি মাঝ-আকাশে আচমকাই দ্রুত নীচে নামতে শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি একসময় প্রায় ২৮ হাজার ফুট নীচে নেমে যায়। পরিস্থিতি সামাল দিতে আপৎকালীন সঙ্কেত পাঠানো হয়। এরপর শিকাগোর পথে না গিয়ে বিমানটিকে লন্ডনের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরের টার্মিনাল ৫ থেকে উড়েছিল বিএ২৯৫। গন্তব্য ছিল আমেরিকার শিকাগো। নির্ধারিত সফরটি প্রায় ৮ ঘণ্টা ৪০ মিনিটের ছিল। আয়ারল্যান্ডের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। তখন বিমানটি প্রায় ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। আচমকাই সেটি নীচের দিকে নামতে শুরু করে। অল্প সময়ের মধ্যে বিমানটি প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় নেমে আসে ।
বিভিন্ন রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘিরে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে পাইলট প্রথমে স্কোয়াক কোড ৭৭০০ পাঠান। এরপর বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়। শিকাগোর পরিবর্তে সেটিকে ফের লন্ডনের দিকে পাঠানো হয়। তবে কেন বিমানটি আচমকা এতটা নীচে নেমে গেল, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি ফ্লাইদুবাইয়ের একটি বিমানেও মাঝ-আকাশে বিপত্তি ঘটেছিল। তেল আভিভগামী ওই বিমানের ককপিটে কো-পাইলটের বিরুদ্ধে ক্যাপ্টেনকে হামলার অভিযোগ ওঠে। ঘটনার সময় বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এরপর মাত্র দুই মিনিটের মধ্যে সেটি প্রায় ১৭ হাজার ফুট নীচে নেমে যায়। সেবারও প্রথমে ককপিট থেকে স্কোয়াক কোড ৭৭০০ পাঠানো হয়েছিল। পরে পাঠানো হয় ৭৫০০ কোড। এই কোড বিমানের বেআইনি দখল বা হাইজ্যাকের পরিস্থিতি বোঝায়।