ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে প্রেমিকাকে খুন করে দেশে পালানোর ছক কষেছিল ভারতীয় যুবক। কিন্তু শেষরক্ষা হল না। ভারতের বিমানে ওঠার আগে জার্মানিতে গ্রেফতার হলেন অভিযুক্ত। ২০ বছর বয়সী ওই ভারতীয় যুবক মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজনেস অ্যানালিটিক্স বিভাগের ছাত্র। অ্যারিজোনার টুসনে নিজের অ্যাপার্টমেন্টে ১৯ বছর বয়সী মার্কিন প্রেমিকাকে ওই যুবক খুন করেন বলে অভিযোগ।
রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ছাত্রের নাম বরুণ বাচিগারি (২০)। অভিযোগ, গত ৬ আগস্ট তার ১৯ বছর বয়সী প্রেমিকা জুলিসা রুবি সালাজারকে হত্যা করেন। সালাজারের পরিবারের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়। এর পর বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ টুসন ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা সালাজারকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, তরুণীর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ফলে তাঁকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার প্রেমিক বাচিগারিকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন তদন্তকারীরা। সালাজারকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অবভিযোগ। বাচিগারিকে সন্দেহ করার কারণ, তরুণীর ফোন ও ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছিলেন অভিযুক্ত। শুধু তাই নয়, অপরাধ লুকাতে প্রেমিকার পরিচয়ে তার মায়ের কাছে বেশ কয়েকটি মেসেজও পাঠিয়েছিলেন। ওই বার্তাগুলো সালাজারের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি করে। যার ফলে তাঁরা মেয়ের খোঁজখবর নেওয়া শুরু করে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তদন্তে জানা যায়, সালাজারের মৃত্যুর দিন ব্যাচিগারি টুসোন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি প্রথমে হিউস্টনগামী একটি বিমানে ওঠেন এবং সেখান থেকে জার্মানির বার্লিনগামী আরেকটি বিমানে চাপেন। তাঁর লক্ষ্য ছিল ভারতে ফিরে আসা। এক বিবৃতিতে টুসোন পুলিশ জানিয়েছে, ব্যাচিগারি টুসোন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জার্মানিগামী বিমানে ওঠেন। সেখান থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। জার্মানিতে পৌঁছানোর পরই ব্যাচিগারিকে হেফাজতে নেওয়া হয়।