ওঙ্কার ডেস্ক: ইরানে আয়াতোল্লাহ আলি খামেনি শাসনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর সে দেশ থেকে ভারতীয়রা দেশে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যে ইরান থেকে ভারতীয়দের নিয়ে প্রথম দুটি বাণিজ্যিক বিমান শুক্রবার রাতে দিল্লিতে অবতরণ করেছে। দেশে ফিরে ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করছেন তাঁরা।
সঙ্কটের সময় সাহায্যের জন্য ভারতে ফিরে এসে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় নাগরিকরা।ইরান থেকে দেশে ফেরা এক এমবিবিএস পড়ুয়া বলেন, তিনি বিক্ষোভের কথা শুনেছিলেন। কিন্তু নিজে কোনও আন্দোলন দেখেননি। সেখানে ইন্টারনেট ছিল না বলে জানান তিনি। আরেকজন ভারতীয় নাগরিক, যিনি এক মাস ধরে ইরানে ছিলেন। তাঁর কথায়, ‘যখন আমরা বাইরে যেতাম, বিক্ষোভকারীরা গাড়ির সামনে চলে আসত। তারা কিছুটা ঝামেলা করত। ইন্টারনেট ছিল না। তাই আমরা আমাদের পরিবারকে জানাতে পারিনি এবং আমরা কিছুটা চিন্তিত ছিলাম। আমরা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি।’
উল্লেখ্য, ভারত সরকার যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর। ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ভারতের বিদেশ মন্ত্রক নাগরিকদের ইরান ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। দেশে উত্তেজনা বৃদ্ধির কারণে ১৫ জানুয়ারি ইরানের আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ ছিল। যার ফলে ভারত থেকে আসা বেশ কিছু বিমান চলাচলে ব্যাঘাত ঘটেছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় বেশ কয়েকজন ভারতীয় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
