ওঙ্কার ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে জাহাজ চলছে, এমনটাই দাবি তেহরানের। আর ‘অবৈধ ভাবে’ এই ট্যাঙ্কার যাতায়াতের কারণে সেগুলিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। যার ফলে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই হামলায় জখম হয়েছেন আরও আট জন। আহতদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয় নাবিক বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুসারে, এদিন যে দুটি জাহাজ আক্রান্ত হয়েছে সেদুটির নাম মোম্বাসা এবং আল বাহিয়া। এই দুটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের বাহিনী আইআরজিসি। সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়েছে, যে সময় হামলা চালানো হয় তখন দু’টি জাহাজ ওমানের জলসীমায় ছিল। যে ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, তিনি ছিলেন মোম্বাসা জাহাজে। সংযুক্ত আরব আমিরশাহির তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এই হামলার পর। তারা এটিকে ‘নির্লজ্জ আক্রমণ’ বলে অভিহিত করেছে। এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। অন্য দিকে আইআরজিসি এর তরফে দাবি করা হয়েছে, তারা দুটি জাহাজে হামলা চালিয়েছে। যদিও সে দুটির নাম তারা প্রকাশ করেনি। পাশাপাশি তেহরান দাবি করেছে, হরমুজে ‘অবৈধ ভাবে’ চলাচলের জন্য জাহাজগুলিকে উস্কানি দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, গত রবিবার ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল। যেটিতে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ এক জন। নয়াদিল্লির তরফে ওই হামলার নিন্দা জানানো হয়েছিল। এ বার ফের হরমুজে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা চালাল ইরান।