ওঙ্কার ডেস্ক: হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যা করেছে ইজরায়েল। এবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করল ইজরায়েল। বুধবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানান, গত রাতে চালানো এক হামলায় তারা ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি।
খাতিবের মৃত্যুর কথা জানানোর সময় কাটজ বলেন, ‘আজ সারাদিন ধরে সব ফ্রন্টেই বড় ধরনের চমক অপেক্ষা করছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কাটজ বলেন, ‘আমরা তাদের সব পরিকল্পনা নস্যাৎ করে যাব এবং তাদের সবাইকে খুঁজে বের করে হত্যা করব।’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে জানান কাটজ; এর ফলে এখন থেকে সেনাবাহিনী কোনও অতিরিক্ত অনুমোদনের অপেক্ষা না করেই ইরানের যে কোনও ঊর্ধ্বতন কর্তাকে হত্যা করতে পারবে।
উল্লেখ্য, গত দু দিনে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের ওপর চালানো হামলায় এটি তৃতীয় হত্যাকাণ্ড। মঙ্গলবার ইজরায়েল ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (IRGC) স্বেচ্ছাসেবী শাখা ‘বাসিজ’-এর প্রধান গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছিল। এ বার তারা হত্যা করল ইসমাইল খাতিবকে। খাতিব কেন গুরুত্বপূর্ণ ছিলেন? ইসমাইল খাতিব ছিলেন একজন শিয়া ধর্মগুরু। ইরানের বিচার বিভাগ এবং গোয়েন্দা মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি বিপ্লবী রক্ষীবাহিনীতে কর্মরত ছিলেন এবং যুদ্ধের ময়দানে জখম হয়েছিলেন।
