ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের সঙ্গ দিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করে তাহলে পাল্টা প্রত্যাঘাত করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই আবহে এবার পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে নিজেদের যুদ্ধবিমান ও রণতরী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। ইরান আঘাত হানতে পারে পশ্চিম এশিয়ার এমন সেনাঘাঁটি থেকে যুদ্ধবিমান সরানো হচ্ছে।
আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই সেনাঘাঁটিগুলি থেকে যুদ্ধবিমান ও রণতরী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে অসামরিক কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় প্রায় ২০টি স্থায়ী এবং অস্থায়ী সেনাঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রায় ৫০ হাজার মার্কিন সেনা রয়েছে সেগুলিতে। সূত্রের খবর, এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে ইরাক, জর্ডন, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরিন, মিশর এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। ঘাঁটিগুলি নিয়ন্ত্রণ করে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড। গত ১২ জুন ইজরায়েল ইরানে আক্রমণ করে। তেল আভিভ যে অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন রাইজিং লায়ন’। ইজরায়েলের হামলার পর তেল আভিভ-তেহরান সংঘর্ষ ক্রমশ বাড়তে থাকে।
অন্য দিকে শনিবার ভোরে ইরানের খোররামাবাদ শহরে ইজরায়েলি আক্রমণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এই তথ্য জানিয়েছে। ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্তা ও সেনা।
